পোলিং অফিসারের তালিকা করতে ইসির চিঠি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:০৮
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় বিভাগের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রসাশক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে জেলা নির্বাচন কর্মকর্তাদের জরুরিভিত্তিতে প্রত্যেক নির্বাচনী এলাকার সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত অফিস, প্রতিষ্ঠান ও সংস্থা এবং প্রয়োজনবোধে বেসরকারি অফিস হতে উক্ত কর্মকর্তা/কর্মচারীদের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করার নির্দেশ দেয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের উদ্দেশ্যে রিটার্নিং অফিসার কর্তৃক একটি প্যানেল প্রস্তুতের বিধান রয়েছে।