ঢাকা উত্তরের আতিকুলসহ কয়েকজন সিটি করপোরেশনের মেয়রকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হচ্ছে। এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ মে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সরকারের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, দেশের মোট ১২টি সিটি করপোরেশনের মেয়ররা পদমর্যাদা চেয়ে স্থানীয় সরকার বিভাগে আবেদন করেছেন। ইতোমধ্যে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে মন্ত্রী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইভি রহমানকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, গাজীপুর, সিলেট সিটি করপোরেশনের মেয়রদের এখনো কোনো মর্যাদা দেয়া হয়নি।
সূত্র জানায়, আপতত ঢাকা উত্তর, খুলনা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রাম সিটি মেয়রকেও এ তালিকায় নেয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। পর্যায়ক্রমে সব বিভাগীয় সিটি করপোরেশনের মেয়রকে পদমর্যাদা পৃথক করে দেয়া হবে।