পুরান ঢাকায় আদালতের প্রবেশমুখে আর্চওয়ে
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:০৯
হরতালের দিনগুলোতে একের পর এক ককটেল ও হাতবোমা বিস্ফোরণের প্রেক্ষিতে নাশকতা ঠেকাতে পুরান ঢাকার আদালতের প্রবেশমুখে আর্চওয়ে বসানো হয়েছে। বুধবার সকাল থেকেই আইনজীবী, বিচারপ্রার্থী, আদালতের কর্মচারীসহ সবাইকে ওই আর্চওয়ের ভেতর দিয়ে আদালতের ভবনে উঠতে হচ্ছে। এছাড়াও আদালত অঙ্গনে প্রবেশের সাতটি ফটকের সামনে মেটাল ডিটেকটরসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালতের প্রতিটি ভবনের ছাদেও পুলিশ মোতায়েন করাসহ নজরদারী বাড়ানো হয়েছে।
ঢাকা সিএমএম আদালতের নতুন দশ তলা ভবনে ওঠার প্রবেশ মুখে একটি, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নতুন ৮ তলা ভবনে ও জেলা জজ আদালতের পুরাতন ৫ তলা ভবনের প্রবেশ মুখে একটি করে এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রবেশের মুখে একটি আর্চওয়ে বসানো হয়েছে।
এ বিষয়ে নিম্ন আদালতে দায়িত্বরত এডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে ৪টি আর্চওয়ে বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরো স্থাপন করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।