দক্ষিণখানে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

রাজধানীর দক্ষিণ খানে মাথায় আঘাত করে এক ব্যবসায়ীকে (২০) হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম দেলোয়ার হোসেন। তিনি দক্ষিণ খানে আরএ বিজনেস সেন্টার নামে একটি ফ্লেক্সি লোডে দোকান দিয়ে তার ভাইয়ের সঙ্গে যৌথভাবে ব্যবসা করতেন। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে ফেলে রেখে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে দেলোয়ার হোসেন দোকান বন্ধ করে উত্তরার আজমপুরে তার ভাইয়ের বাসায় আসেন। বাসা থেকে রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমানোর জন্য তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। এরপর দক্ষিণ খান রজব আলী মার্কেটের সামনে তিনি পৌঁছালে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে ফেলে রেখে যায়। রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে তার ভাইয়ের কাছে খবর জানায়। তার ভাই তাকে পরে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যায়। রাত ৩টার দিকে দেলোয়ারকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার পিযূষ কান্তি বলেন, শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, দেলোয়ারের বাবার নাম মৃত আবেদ আলী। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের বোয়ালিয়ায়।