প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় এ সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। সাক্ষাত্ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচারাধীন মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের জারি করা বিজ্ঞপ্তি নিয়ে কথা বলেছি। যদিও কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা তাদের (সুপ্রিম কোর্ট) বিবেচনায় আছে। আমার মনে হয় আপনারা অতিদ্রুত এ বিষয়ে একটি ব্যাখ্যা পাবেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি। নিশ্চয় তার কাছে কোনো না কোনো অভিযোগ পাঠানো যেতে পারে। তিনি সেদিক থেকে সংবিধানের মধ্য থেকে বিবেচনা করতে পারেন। বিচারপতি অপসারণের কোনো বিধান নেই বলে কোনো অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠানো যাবে না এটা মনে হয় ঠিক নয়।