ব্রাদার্স-শেখ জামাল ‘রিপ্লে’ হবে শনিবার
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:১৪
ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামালের মধ্যকার বিতর্কিত ম্যাচটি আবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশে (সিসিডিএম)। আগামি শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। এ খেলায় জয়ী দল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সে উঠবে।
খেলাটি পুণরায় অনুষ্ঠানের পাশাপাশি নিষেধাজ্ঞা থাকার পরও অধিনায়ক সোহরাওয়ার্দি শুভকে খেলানোর কারণে ব্রাদার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সিসিডিএম এর দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সংশ্লিষ্ট নিয়ম ভঙ্গ করার কারণে ব্রাদার্স অধিনায়ককে দেয়া আগের শাস্তি বহাল থাকবে। শুভ শনিবারের খেলাটিতেও অংশ নিতে পারবেন না। একই সাথে ব্রাদার্স ও আবাহনীর মধ্যকার খেলাটিতে শুভর অসদাচরনের বিষয়টি ম্যাচ রেফারী ওবায়েদুল হক আজম ওই দিন খেলার পর শুনানি করলেও আরোপিত শাস্তি সাথে সাথে মাঠে না জানানোয় দায়িত্বে অবহেলার কারণে দুই বছরের জন্য সাসপেন্ড থাকবেন। ডিসিপ্লিনারি কমিটিতে এসব সিদ্ধান্ত হয়।
ব্রাদার্স ইউনিয়ন গত শনিবার অনুষ্ঠিত খেলাটিতে জিতলেও শেখ জামাল ধানমন্ডি ক্লাব বিপক্ষ অধিনায়ক সোহরাওয়ার্দি শুভর অংশগ্রহন নিয়ে খেলা শেষে আপত্তি জানায়। বলা হয় শুভ এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় এই অংশগ্রহণ বৈধ ছিল না। বিষয়টি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশে (সিসিডিএম) গড়ালেও তারা এর সুরাহা করতে না পেরে বিসিবির কাছে পাঠায়। এরপরই এ সিদ্ধান্ত এলো।