টি-টোয়েন্টি
পাকিস্তান আবারও ব্যাটিং ব্যর্থতায় হারল
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:১৫
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে গত বুধবার পাকিস্তানকে বড়ো ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ৯ উইকেটে জয়লাভ করে দুই ম্যাচ সিরিজে প্রোটিয়াসরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামলে ডেল স্টেইন নির্ধারিত চার ওভারে ১৫ রানে ৩ উইকেট শিকার করলে ৯ উইকেটে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ যাবত কালে পাকিস্তানের এটাই সর্ব নিম্ন স্কোর।
জয়ের জন্য ৯৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে স্পিন নির্ভর পাকিস্তানি আক্রমণকে কোন প্রকার পাত্তা না দিয়ে ওপেনার কুইটন ডি ককের ৩৮ বলে তিনটি চার এবং দুটি ছয়ের সাহায্যে অপরাজিত ৪৮ এবং অধিনায়ক ডু প্লেসিসের অপরাজিত ৩৭ রানের সুবাদে ১৪.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়াসরা। আগামীকাল এ মাঠেই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ডু প্লে¬সিস এমন জয়ে বোলারদের প্রশংসা করে বলেন, ‘ম্যাচটিতে আমারা খুবই ভাল খেলেছি। এভাবেই যে কেউ সিরিজ শুরু করতে চাইবে। উইকেট কিছুটা শুষ্ক ছিল এবং আমাদের বোলাররা তাদেরকে চাপে রেখেছে।’
পাকিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজ দলের দুর্বল ব্যাটিংকে দায়ী করে বলেন, ‘ব্যাক্তিগতভাবে আমি মনে করি যে স্কোর আমরা করতে চেয়েছিলাম তা করতে পারিনি। ক্ষতিটা হয়েছে শুরুতেই উইকেট পড়ে যাওয়ায় এবং দক্ষিণ আফ্রিকান বোলাররা তাদের পরিকল্পনামত বোলিং করেছে।’
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও ব্যাটিং ব্যর্থতার জন্য ১-৪ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। বাসস