ড. ইউনূসকে জার্মানি সফরের আমন্ত্রণ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৩৫
আগামী বছরের প্রথমদিকে শান্তিতে নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোয়াসিম গাউক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেখট কনসে ড. ইউনূসকে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে গিয়ে প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র প্রদান করা হয় বলে জার্মান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাত্কালে জার্মান রাষ্ট্রদূত তার প্রশংসা করে বলেন, দুঃস্থ ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারীদের জীবনমান উন্নয়নে গ্রামীণ ব্যাংক অসামান্য অবদান রেখেছে। তবে আমি মর্মাহত যে, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার সম্মানিত এই পথপ্রদর্শকের যে সম্মান পাওয়া উচিত তা নিজ দেশেই পাচ্ছেন না। এছাড়া গার্মেন্টস ইন্ডাস্ট্রি ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (জিআইটিআই) এ ড. ইউনূসের নেতৃত্বেরও প্রশংসা করে জার্মান রাষ্ট্রদূত বলেন, তিনিই জিআইটিআইকে একটি সক্রিয় আকৃতি দিয়েছেন।