উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ রোহিঙ্গা নিহত, আহত ৩০
রফিক উদ্দিন বাবুল, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৩৭
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া টিএন্ডটি মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন রোহিঙ্গা নিহত হয়েছে। আরো ৩০ জন রোহিঙ্গা যাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যদের কক্সবাজার, উখিয়া হাসপাতালসহ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের আহাজারিতে কুতুপালং অবৈধ রোহিঙ্গা বস্তির পরিবেশ ভারি হয়ে উঠেছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।
সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, টানা ৪ দিনের হরতাল শেষে প্রায় অভুক্ত রোহিঙ্গারা জীবন-জীবিকার তাগিদে কাজের সন্ধানে গতকাল বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী চাদের গাড়িতে বাদুড় ঝোলা করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। টিএন্ডটি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী চাদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কুতুপালং রোহিঙ্গা বস্তির বাসিন্দা আলী আহমদ, আবুল বশর, বেলাল, নেজামউদ্দিন, আব্দুস সালাম, ছৈয়দুল আমিন নিহত হন। গুরুতর আহত মোহাম্মদ ফারুক, মুহিব উল্লাহ, আব্দুল আলী, মো: সেলিম, কামাল, মো: আয়ুবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মো. হাছন, মোহাম্মদ ছলিম, নুর আলম, আনছার উল্লাহ, মোহাম্মদ ইসমাইল, নজিম আহাম্মদ, আব্দুল আলী, সোনা মিয়া, ছৈয়দ আহমদ, মোহাম্মদ ছগির ও মুহিব উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতাল, উখিয়া ও কুতুপালং এনজিও পরিচালিত এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় রোহিঙ্গা বস্তি ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি রাকিব উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় এজাহার দায়ের করেন। উখিয়া থানার ওসি মো. গিয়াস উদ্দিন মিয়া সড়ক দুর্ঘটনায় হতাহতের কথা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ও আহতদের সুচিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।
নান্দাইলে ছাত্রলীগ নেতা নিহত
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এনামুল হক মিলন গতকাল বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাবার নাম হাজী মো. জসিম উদ্দিন।
এনামুল হক মিলন মোটর সাইকেল চালিয়ে কিশোরগঞ্জের তাড়াইল থেকে নান্দাইল উপজেলার গাংগাইল গ্রামে নিজ বাড়ি ফেরার পথে উলুহাটি স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেল ও বিপরীতদিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মিলন গুরুতর আহত হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মিলন নান্দাইল প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় দৈনিক স্বদেশ সংবাদে নান্দাইল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সিলেটে ২ জন নিহত
সিলেট অফিস জানায়, সিলেটে দু’টি সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের ধারাবন্দ নামক স্থানে ও বুধবার রাতে নগরীর শাহজালাল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- গোলাপগঞ্জ উপজেলার সোফাটেক গ্রামের পুলিন্দ্র দাশ ও জকিগঞ্জ উপজেলার ভরন সুলতানপুরের শামীম আহমদ।
জানা যায়, পুলিন্দ্র দাশ বাস থেকে নামলে একটি ট্রাক তাকে চাপা দেয়। মোটর সাইকেলযোগে যাওয়ার পথে ব্রিজের কাছে ট্র্যাংকলরির ধাক্কায় শামীম মারা যান।