প্রধানমন্ত্রী শ্রীলংকা গেছেন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৩৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকার প্রধানদের সভায় যোগ দিতে দুই দিনের এক সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার শ্রীলংকা গেছেন। শ্রীলংকার রাজধানী কলম্বোতে আজ শুক্রবার তিনদিনের এ সভা শুরু হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার বেলা দুইটা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় বিকাল পাঁচটায় প্রধানমন্ত্রী বন্দেরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে একটি মোটর শোভাযাত্রা সহকারে তিনি তাজ সমুদ্র হোটেলে যান। সফরকালে এই হোটেলেই তিনি অবস্থান করবেন। সফরের প্রথম দিনেই তার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
শুক্রবার প্রধানমন্ত্রী ব্যস্ত দিন কাটাবেন। কমনওয়েলথ সরকার প্রধানদের সভায় যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকার রাষ্ট্রপতি মাহিন্দ্র রাজাপাকসে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কী’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ উপলক্ষে কমনওয়েলথ মহাসচিবের দেয়া অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিবেন। আগামীকাল শনিবার রাতে তিনি দেশে ফিরবেন।