পোশাক শ্রমিকদের ৫৩শ টাকা মজুরি কার্যকর ডিসেম্বরে

আগামী পহেলা ডিসেম্বর থেকে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা। গতকাল সচিবালয়ে শ্রমিক নেতাদের সাথে বৈঠকের পর শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৫ নভেম্বরের পর এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে। শ্রমিকরা জানুয়ারিতে এই মজুরি পাবেন। শ্রমিকদের জন্য প্রতিবছর মূল মজুরির ৫ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে। অবশ্য নতুন কাঠামোতে মূল মজুরিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মজুরি বোর্ডের প্রস্তাব অনুযায়ী মূল মজুরি ছিল ৩ হাজার ২০০ টাকা। আর নতুন মজুরি কাঠামো অনুযায়ী মূল মজুরি ৩ হাজার টাকা। অবশ্য খাদ্য ভর্তুকি বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ৫ হাজার ৩০০ টাকার অংক ঠিক রাখা হয়েছে। শ্রমমন্ত্রী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, তিন বছরের মাথায় মজুরি বাড়ানো হয়েছে। আশা করি আগামীকাল সব শ্রমিক কাজে যোগ দেবেন। যারা অসন্তোষ সৃষ্টি করবে, ভাংচুর করবে, তাদেরকে শাস্তি পেতে হবে। কলকারখানা ভাংলে শ্রমিকরা চাকরি হারাবেন। আপনারা কার ইন্ডাস্ট্রি ভাংছেন, কার ক্ষতি করছেন? এতে পুরো খাত ধ্বংস হচ্ছে। মন্ত্রী শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, শ্রমিক অসন্তোষের জন্য বড় বড় বায়াররা অন্য দেশে চলে যাচ্ছে। এর ফলে আমরা বিশ্ব বাজার পুরোটাই হারিয়ে ফেললে ৪২ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। কাজেই আপনারা সুষ্ঠু শ্রমিক ইউনিয়ন গড়ে তুলুন। এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, শ্রমিক নেতারা মূল মজুরি ৩ হাজার ২০০ টাকা থেকে না কমানোর দাবি জানিয়েছেন। তারা বলেছেন, মূর মজুরি কমালে শ্রমিকদের ওভারটাইম তুলনামূলকভাবে কমে যাবে। বৈঠকে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি। তিনি কোন শ্রমিক সংগঠন বা শ্রমিক নেতার হাতিয়ার না হয়ে শ্রমিকদের সুশৃঙ্খলভাবে কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।