শিমুল বিশ্বাসকে রিমান্ডে নেয়ার প্রতিবাদে পাবনায় কাল বিএনপির হরতাল

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ ৫ নেতাকে রিমান্ডে নেয়ার প্রতিবাদে আগামীকাল শনিবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দেন। এদিকে শনিবারের হরতালের সমর্থনে তাত্ক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদী সংবাদদাতা জানান, শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে গতকাল ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ট্রাক চালক, সিএনজি চালক ও ট্যাংক লরী চালক ইউনিয়ন এবং সাবেক ছাত্রনেতারা যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে ধর্মঘট শুরুর দুই ঘণ্টা পর গতকাল সকাল ৮টায় তা প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিকরা। শিমুল বিশ্বাসকে সরকার ছেড়ে দেয়ার আশ্বাস দিলে পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে ।