৩৫ বছরে দায়িত্বে থাকাবস্থায় দুর্ঘটনায় মারা গেছেন পল্লী বিদ্যুতের ১০৮ লাইনম্যান

১৯৭৮ সালে পল্লী বিদ্যুত্ সমিতি প্রতিষ্ঠার পর থেকে চলতি বছর পর্যন্ত ১০৮ লাইনম্যান দায়িত্বে থাকা অবস্থায় দুর্ঘটনায় মারা গেছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির অনুসন্ধানে তৈরি করা এক প্রতিবেদনে প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে। বিদ্যুতের তারে কভার না থাকা এবং লাইনম্যানদের প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এ মৃত্যুর হার বাড়ছে। ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে মারা গেলেও লাইনম্যানরা কোন ঝুঁকি ভাতা পান না বলে প্রতিবেদনে জানা যায়। লাইনম্যানরা অভিযোগ করেছেন, নিম্নমানের সরঞ্জাম ও মালামালের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এজন্য দ্রুত দুর্ঘটনা এড়াতে তারা প্রয়োজনীয় সরঞ্জাম এবং ঝুঁকি ভাতা দেয়ার দাবি জানিয়েছেন। এছাড়া প্রতিবেদনে তারা বৈষম্য দূর করতে শ্রম মন্ত্রণালয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।