আশুলিয়ায় ফের সংঘর্ষ পুলিশসহ আহত ৫০

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়ার পর ফের শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ার জ্বালিয়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ আহত হয় অন্তত ৫০ জন। এসময় পরিস্থিতি অবনতির আশংকায় আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়। পুলিশ জানায়, সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসে। এসময় আশেপাশের কারখানার শ্রমিকরাও বিক্ষোভ করতে করতে কারখানার বাইরে বেরিয়ে এসে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এসময় পুলিশ তাদের বাধা দিতে গেলে পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। সকাল ১০টার দিকে শিল্প পুলিশের সাথে অতিরিক্ত পুলিশ এসে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচল শুরু হয় মহাসড়কে। পরিস্থিতি অবনতির আশংকায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।