মুজাহিদের আপিলের সারসংক্ষেপ এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবীকে এক সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আগামী ২৬ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদকে গত ১৭ জুলাই মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। গত ১১ আগষ্ট এ রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। এদিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দায়েরকৃত আপিলের ওপর শুনানি চলছে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল আপিলের ওপর শুনানি গ্রহণ করেন। আপিলে সাক্ষীদের সাক্ষ্য পড়ে শোনান সাঈদীর আইনজীবী এডভোকেট এসএম শাহজাহান। এ সময় সাঈদীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন এবং রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান উপস্থিত ছিলেন।