কুমিল্লায় ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ১৩:৫০
কুমিল্লায় ট্রাকের চাপায় ফাতেমা আক্তার (৮) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মহাসড়কের আমানগন্ডা এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী মালবাহী একটি ট্রাক ফাতেমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাব উদ্দিন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। নিহত ফাতেমা আক্তার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা গ্রামের কাজল মিয়ার মেয়ে। সে আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।