বিআইডব্লিউটিসি’র খুলনা আঞ্চলিক কার্যালয় বন্ধের উপক্রম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে কর্মকর্তা-কর্মচারীদের বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। ইতিমধ্যে সহ-মহাব্যবস্থাপকসহ (এজিএম) অন্তত ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ফলে বিআইডব্লিউটিসির খুলনা অঞ্চলিক কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে জটিলতা সৃষ্টিসহ দপ্তরটি বন্ধের উপক্রম হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৮৩ সালে জলযানের ভিত্তিতে সংস্থাপন মন্ত্রণালয়ের উদ্যোগে বিআইডব্লিউটিসি পরিচালনার জন্য জনবল নির্ধারণ করতে তত্কালীন সচিবকে প্রধান করে ‘এনাম’ কমিটি গঠন করা হয়। এই কমিটি বিআইডব্লিউটিসির প্রশাসন, বাণিজ্যিক, প্রকৌশল, নৌ ও হিসাব বিভাগের জন্য জনবল নির্ধারণসহ অর্গানোগ্রামের মাধ্যমে সেটআপ জারি করে। এই সেটআপে বাণিজ্য বিভাগের জন্য একজন মহা-ব্যবস্থাপক, তিনজন উপ-মহাব্যবস্থাপক ও চারজন সহ-মহাব্যবস্থাপক পদ নির্ধারণ করা হয়। এরমধ্যে খুলনা আঞ্চলিক কার্যালয়ের জন্য একজন সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) ও একজন সহ-মহাব্যবস্থাপক (প্রকৌশল) পদ সেটআপে নির্ধারিত হয়। কিন্তু ২০০৫-০৬ ও ২০১০-১১ সালে সরকারের বাণিজ্যিক নিরীক্ষা অধিদপ্তরের নিরীক্ষাকালে বিআইডব্লিউটিসির বাণিজ্যিক বিভাগের সেটআপ বহির্ভূতভাবে পদোন্নতি ও পদায়নের গুরুতর অনিয়ম ধরা পড়ে। ফলে বাণিজ্যিক নিরীক্ষা অধিদপ্তর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে চলতি বছরের ২৯ সেপ্টেম্বরের স্মারকে সেটআপ বহির্ভূত পদোন্নতি ও পদায়ন আদেশের দায়-দায়িত্ব নির্ধারণ করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ আপত্তিকৃত অর্থ আদায় ও উক্ত আদেশ বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাতে বলে। কিন্তু গত দুই মাসেও এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, গত পাঁচ বছরে বিআইডব্লিউটিসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) ও সহ-মহাব্যবস্থাপক (প্রকৌশল) কে সেটআপ বহির্ভূতভাবে বরিশাল কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া খুলনা কার্যালয়ের ছয়-সাতজন কর্মকর্তাসহ প্রায় ৪০ জন ভাসমান ও অফিস কর্মচারীকে বরিশালসহ বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বর্তমানে খুলনা কার্যালয়ে মাত্র একজন প্রথম শ্রেণির কর্মকর্তাসহ সব বিভাগ মিলিয়ে ৪০ জন কর্মচারী কর্মরত রয়েছে। সর্বশেষ গত অক্টোবর মাসে খুলনা থেকে সহ-হিসাবরক্ষণ কর্মকর্তাকেও বরিশালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রমতে, সহ-হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকার কারণে খুলনা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান বাধাগ্রস্তসহ দাপ্তরিক কর্মকাণ্ডে মারাত্মক জটিলতা সৃষ্টি হয়েছে। এছাড়া শুধুমাত্র সেটআপ বহির্ভূতভাবে সহ-মহাব্যবস্থাপক পদটি খুলনা থেকে বরিশালে সরিয়ে নেয়ায় প্রতিবছর বিআইডব্লিউটিসির ৪ লাখ ৬১ হাজার ৫শ’ টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন খুলনা আঞ্চলিক শাখার সভাপতি এস.এম আসাদুজ্জামান বলেন, সরকারের আইন অমান্য করে ষড়যন্ত্রমূলক বিআইডব্লিউটিসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। ফলে এক সময়ের খুলনার লাভজনক কার্যালয়টি বন্ধের উপক্রম হতে চলেছে। তিনি অবিলম্বে বিআইডব্লিউটিসি খুলনা আঞ্চলিক কার্যালয়টি আগের মত সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।