ফুলবাড়ী দিয়ে ভারতে লবণ পাচার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২১:৩৪
হঠাত্ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জেলাগুলোতে লবণ সরবরাহ বন্ধ থাকার খবর ছড়িয়ে পড়ায় চরম সংকটে পড়েছে লবণ ক্রেতারা। বাজারে নির্ধারিত দামের চেয়ে দুই-তিনগুণ বেশি মূল্য দেয়া হলেও লবণ হাতের লাগালে পাওয়া যাচ্ছে না। গত দুই দিন ধরে এ অবস্থা সৃষ্টি হওয়ায় সীমান্ত বসবাসকারীরা লবণ নিয়ে মহাসংকটে পড়েছেন । আর এ সুযোগে দু’দেশের চোরাকারবারিরা বাংলাদেশি লবণ পাঁচার করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। চোরাকারবারিরা ফুলবাড়ী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিন শত শত বস্তা লবণ দেদারছে ভারতে পাঁচার করে দিচ্ছে । শুক্রবার বালারহাট ও গোরুকমন্ডপ সীমান্ত দিয়ে লবণ পাঁচার করার সময় প্রায় ১১শ’ কেজি লবণের প্যাকেট আটক করে বিজিবি।
বালারহাট বাজারের ইয়াকুব, রফিকুল ইসলাম জানান, হঠাত্ ভারতের পশ্চিম রাজ্যের জেলাগুলোতে লবণ নিয়ে সংকট সৃষ্টি হলে বাংলাদেশি এক কেজি লবণ ভারতে বিক্রি হচ্ছে ৪০/৫০ টাকার দরে। বাংলাদেশের বিভিন্ন প্রকার লবণ দিনরাত চোরাকারবারিরা সীমান্তের ওপারে পার করে দিচ্ছে। কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র অধীনে বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আঃ মজিদ জানান, ভারতে পাচার করার সময় পৃথক অভিযানে ১১শ’ কেজি লবণের প্যাকেট আটক করা হয়েছে। তবে সীমান্তে এখন টহল জোরদার করা হয়েছে।