হোমনায় মালখানার গ্রীল ভেঙ্গে ডাকাতের পলায়ন

ডাকাতি করা মালামাল বিক্রি করার সময় ৬ ডাকাত গ্রেফতারের পর পুলিশ হেফাজতে থেকে থানার মালখানার গ্রীল ভেঙ্গে সবু মিয়া (২৮) নামে এক ডাকাত পালিয়ে গেছে। শুক্রবার রাতে কুমিল্লার হোমনা থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুুধবার রাতে উপজেলার আলীপুর ব্রিজে প্রবাসীর মাইক্রোবাসে ৬ যাত্রীকে কুপিয়ে প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা। পরে এ ঘটনায় হোমনা সদরের মো. দেলোয়ার হোসেন থানায় মামলা করে। পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা পুলিশ ঢাকা সবুজবাগ থানার নন্দিপাড়া দক্ষিণ গাঁ এলাকার একটি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে ৫ ডাকাত ও দোকান মালিক স্বর্ণকারকে আটক করে। এরা হলো— হোমনা উপজেলার দড়িচর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. সফিক, একই গ্রামের মিজান মিয়ার ছেলে মো. জামাল, ভিটি কালমিনা গ্রামের এনু মিয়ার ছেলে সবু, মেলান্দহ উপজেলার দুরমত গ্রামের মোহন মিয়ার ছেলে ইউনুছ, বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের তোতামিয়ার ছেলে মো.বাদশা ও দোকান মালিক স্বর্ণকার দেবিদ্বার উপজেলার বানী গ্রামের সহিদ মিয়ার ছেলে জাকির হোসেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন মজুমদার জানান, ডাকাতদের জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আলাদা কক্ষে রাখা হয়। এদের মধ্যে সুবু ডাকাতকে রাখা হয় থানার মালখানায়। সেখান থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জানালার গ্রীল ভেঙ্গে সে পালিয়ে যায়।