তারাগঞ্জে ৫ মাস ধরে মাঠে চলছে পাঠদান

রংপুরের তারাগঞ্জ উপজেলার ধোলাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ মাস ধরে খোলা আকাশের নিচে ক্লাস করছে। পাঁচ মাস আগে বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর নতুন ভবন নির্মাণ না হওয়ায় শিক্ষকেরা শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন। পঞ্চম শ্রেণির ছাত্র আবু বক্কার জানায়,‘খোলা আকাশের নিচে ক্লাস করতে কষ্ট হয়। আকাশে মেঘ দেখলে স্যারেরা বলে, ‘যাও তোমাদের ছুটি’। সহকারী শিক্ষক মোতাহার হোসেন বলেন, ছয় মাস আগে ঝড়ে বিদ্যালয়টির চারটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে লোহার রড বের হয়ে যায়। উপজেলা প্রকৌশলী ভবনটি দেখে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই ভবনে শিক্ষার্থীদের পাঠদান না করার জন্য চিঠি দেন। এরপর থেকে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করাতে তারা বাধ্য হচ্ছেন। উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান বলেন, নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ওই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করে দেয়া হবে।