পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। হবিগঞ্জ হবিগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। গত শুক্রবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ সড়কের পুরান বাজার এলাকায় একটি বাসের চাপায় অটোবাইকের চালকসহ চারজন নিহত হন। নিহতরা হলেন সদর উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা ও সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্য পাভেল, বন্দর গ্রামের আব্দুল হামিদ, চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের শাহিন মিয়া ও অজ্ঞাত পরিচয় এক যুবক। অপরদিকে একইদিন সকালে বাহুবলের রশীদপুর এলাকায় একটি তেলবাহী লরীর চাপায় সিএনজি অটোরিকশার চালক বাহুবল উপজেলার চারিগাঁও গ্রামের নূরুল হক ও বাচ্চু মিয়া নামে দুই যাত্রী নিহত হন। গাইবান্ধা গাইবান্ধা রেল স্টেশনের আউটার সিগনালের নিকট গত শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে মন্নু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। সে পলাশবাড়ী উপজেলা তালুকঘরা গ্রামের বাসিন্দা। জানা যায়, দিনাজপুর থেকে শান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন আউটার সিগনালের নিকট পৌঁছলে মন্নু মিয়া ট্রেনের নিচে লাফিয়ে পড়লে ট্রেনে কাটা পড়ে। সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিল। এ নিয়ে রেলওয়ে থানায় মামলা হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ভেঙ্গুরা মন্ডলপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদের ছেলে ফজল (২২) নামে এক ব্যক্তি মারা যান। জানা যায়, মাটি ভর্তি ভটভটি থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। গত শুক্রবার কালিরবাজারে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে আতাকরা গ্রামের মৃত আবদুস সোবহানের স্ত্রী সেতারা বেগম নিহত ও ৬ জন আহত হন। গতকাল শনিবার দুপুরে আমানগন্ডা গ্রামের কাজল মিয়ার মেয়ে ফাতেমা আক্তার নামে এক স্কুল ছাত্রী মারা যান। আহতদের চৌদ্দগ্রাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বড়াইগ্রাম (নাটোর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজারের পাশে সড়ক দুর্ঘটনায় শনিবার ভোরে ফাতেমা খাতুন (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধী মহিলা নিহত হন। সে বড়াইগ্রাম উপজেলার ধামানিয়াপাড়া গ্রামের মৃত পুরা মন্ডলের মেয়ে। শ্রীপুর (গাজীপুর) গাজীপুরের নয়নপুর এলাকায় গতকাল শনিবার ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মানিক (৩৮), সোহাগ (২২) নিহত ও তিন ব্যক্তি আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।