অভয়নগরে ১০ দিনে আওয়ামী
লীগ নেতাসহ ৪ খুন, ওসি ক্লোজড্
বদরুজ্জামান, অভয়নগর (যশোর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২১:৩৮
অভয়নগরে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে ওসি কাজী আব্দুস ছালেককে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। অভয়নগরে গত ১৫ দিনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাসহ ৪ জন খুন হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলামকে গুলি ও বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়া চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে শতাধিক বোমা হামলাসহ ছিনতাইয়ের ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় গত শুক্রবার এক জরুরি নোটিসে তাকে ক্লোজড করা হয় বলে পুলিশের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে। জানা গেছে, গতবছরের ১০ জুলাই ওসি কাজী আব্দুস ছালেকের যোগদানের পর থেকে তার বিরুদ্ধে সন্ত্রাসী লালন, মাদক স্পট বৃদ্ধি করার অভিযোগ ওঠে। এছাড়াও আদালতে চলমান মামলার ৪ লাখ টাকার মূল্যের আলামত বিক্রি করে পকেটস্থ করেন। এছাড়া তিনি মাসে ৭ লক্ষাধিক টাকা মাসোহারা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি গত ১৫ দিনে অভয়নগর থানায় ৪টি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক অর্থ বাণিজ্যে মেতে ওঠেন তিনি।