অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম
আজ ১৫ রমজান। তৃতীয় হিজরীর রমজান মাসের ১৫ তারিখ মুতাবিক ৩ এপ্রিল ৬২৫ খ্রিষ্টাব্দে প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ প্রিয় নাতি হযরত ইমাম হাসান রাদিআল্লাহু তা’আলা আন্হু মদিনা মনওয়ারায় জন্মগ্রহণ করেন। তাঁর আম্মা খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুয্ যাহ্রা রাদিআল্লাহু তা’আলা আন্হা এবং আব্বা হযরত আলী করমাল্লাহু ওয়াজ্হাহু।
তাঁর নানাজান সরকারে দোআলম নূরে মুজাস্সম হযরত মুহম্মদ (স) রসুলুল্লাহু সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ তাঁর এইবড় নাতিকে খুবই আদর ও স্নেহ করতেন। সাহাবি আবু বাক্রা ছাকাফী (রাদি) বলেছেন: একদিন আমি দেখলাম হযরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’ মসজিদুন নববীর মিম্বরে উপবিষ্ট রয়েছেন এবং তাঁর পার্শ্বে রয়েছেন হাসান (রাদি)। তখন হযরত রসুলুল্লাহ্ (সা) একবার উপস্থিত লোকদের দিকে আর একবার হাসানের দিকে তাকাচ্ছিলেন এবং বলছিলেন: আমার এই সন্তান (নাতি) একজন বড় নেতা। আশা করা যায় আল্লাহ তাঁর দ্বারা মুসলিমদের দুটো দলের পারস্পরিক বিরোধ দূর করে মিলন ঘটাবেন। (বুখারী শরীফ)। হযরত ইমাম হাসান রাদি আল্লাহু তা’আলা আন্হুর দৈহিক গঠন এবং চেহারা নানা হযরত মুহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম’-এর মতোই ছিল।