অসাংবিধানিক শক্তি শূন্যস্থান পূরণ করতে পারে
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:০৫
‘প্রো-পিপল্স মুভমেন্ট (পিপিএম)’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বিশিষ্টজনেরা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে অনিশ্চয়তা ও সংকট দেখা দিয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটাতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্বাচনকালীন সরকারের প্রধান না থাকলেই এই শান্তি ফিরে আসবে। অন্যথায় দেশে একটি একতরফা নির্বাচন হয়ে যাবে, তবে শান্তি আসবে না। তখন অসাংবিধানিক কোন শক্তি সেই শূন্যস্থান পূরণ করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন তারা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সংকটে জিম্মি জনগণ : শান্তির উপায়’ শীর্ষক এই আলোচনায় সাবেক মন্ত্রী ড. মিজানুর রহমান শেলী বলেন, শান্তি তো অনেক ধরনের হয়। সেটা কী শ্মশানের শান্তি নাকি অন্য কোন শান্তি। সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, জনগণ রাস্তায় নামলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এটাই শান্তির একমাত্র পথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিএনপিকে বাদ দিয়ে সরকার কোন নির্বাচন করলে তাতে দেশে অশান্তিই বাড়বে। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেন, চলমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে শক্ত ভূমিকায় অবতীর্ণ হতে হবে। রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বলেননি তিনি পদ ছাড়বেন, আবার ছাড়বেন না সেটিও বলেননি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ‘পিপিএম’-এর চেয়ারম্যান সিএম তোফায়েল সামি।