সারাদেশে পবিত্র আশুরা পালিত
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:০৬
যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে রাজধানীসহ সারাদেশে গত শুক্রবার পবিত্র আশুরা পালিত হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে আশুরা উদযাপন শুরু হয়। শুক্রবার রাজধানীতে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতি বছরের মত বের করে তাজিয়া মিছিল। জুমার নামাজের আগে প্রতিটি মসজিদে খতিব ও ইমামগণ খুতবায় আশুরা সম্পর্কে বয়ান করেন।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আশুরা উপলক্ষে বিশেষ আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন আশুরার তাত্পর্য তুলে ধরে বয়ান করেন। মিলাদ মাহফিলে তিনি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। মহানগর ছুন্নী আন্দোলনের উদ্রোগে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুরের সদরপুর আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে আশুরা উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠান শুক্রবার শেষ হয়।