গাজীপুরে শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ মহাসড়ক অবরোধ

উত্পাদন মুজুরি (পিস রেট) বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার সকালে গাজীপুরের বিসিক শিল্পনগরী কোনাবাড়ী এলাকার কয়েকটি সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ, ভাংচুর ও মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ-শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কোনাবাড়ী এলাকার সোয়েটার কারখানাগুলো শনিবারের জন্য ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিক ও কোনাবাড়ী ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রবিউল আলম জানান, সোয়েটারের পিস রেট বাড়ানোর দাবিতে কোনাবাড়ী এলাকার গিভেন্সী, স্ট্যান্ডার্ড, তিতাসসহ বেশ কয়েকটি সোয়েটার কারখানার শ্রমিকরা শনিবার সকালে বিক্ষোভ শুরু করলে শনিবারের জন্য ওইসব কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তারা সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে।মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ সরাতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ-শ্রমিক সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ারসেল ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সকাল সোয়া ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। পুলিশসহ কমপক্ষে ২০জন আহত হয়। গাজীপুর সদর উপজেলার নাওজোর এলাকার ডটকম সোয়েটার কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকালে বিক্ষোভ করেছে। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। আশুলিয়ায় শ্রমিকদের কাজে যোগদান ১০টি কারখানায় বিক্ষোভ সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি সংক্রান্ত বিষয়ে গার্মেন্টস মালিকদের সংগঠন ও শ্রমিক সংগঠনগুলোর সমঝোতা বৈঠকের পর গতকাল শনিবার বেশিরভাগ কারখানার শ্রমিকরাই কাজে যোগ দেয়। ১০টি কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া ও নরসিংহপুরের নীট এশিয়া, ডেকো গ্রুপ, গ্রীন লাইন, ও দি রোজ গার্মেন্টের শ্রমিকরা ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ গার্মেন্ট অপারেটরদের বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করলে ছুটি ঘোষণা করে গার্মেন্ট কর্তৃপক্ষ। শ্রমিকরা বাড়ি ফিরে যায়। দুপুরের পর শিল্পাঞ্চলের নরসিংহপুরে হা-মীম গ্রুপের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে কারখানার বাইরে বেরিয়ে আসে। এসময় গার্মেন্ট ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সময় পার্শ্ববর্তী ওশান গার্মেন্টে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করলে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ঘোষভাগ এলাকায় অনন্ত গার্মেন্টসহ আশেপাশের অন্তত ৪টি কারখানা ছুটি ঘোষণা করা হলে আশুলিয়া-বাইপাইল মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করে। পুলিশ এসময় তাদের উপর লাঠিচার্য করে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা বাড়ি ফিরে যায়। শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আশুলিয়ার মির্জানগরে গার্মেন্ট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড আশুলিয়ায় একটি গার্মেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার মির্জানগরে বিশ্বাস গ্রুপের গার্মেন্ট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ১২টার দিকে বিশ্বাস গ্রুপের একতলা ভবনের গার্মেন্টের ডাষ্ট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এলেও এর আগেই এলাকাবাসী ও শ্রমিকদের সহায়তায় তা প্রায় ২০ মিনিট চেষ্টার পর নিয়ন্ত্রণে নিয়ে আসে। অতিরিক্ত ডাস্ট জমা হওয়ায় আগুনের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।