না’গঞ্জ শহর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:১০
নারায়ণগঞ্জ পুলিশের হাতে গ্রেফতারকৃত শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি আজ রবিবার অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার নাশকতা সৃষ্টিতে চাঁদা যোগানো, হরতালে গাড়ি ভাংচুর, পুলিশের উপর হামলা ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে তাকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। সদর থানার ওসি মঞ্জুর কাদের জানান, তার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের পত্রিকাকে পৃষ্ঠপোষকতা ছাড়াও টানবাজার এলাকার সুতা ও রঙ ব্যবসায়ীরা র্দীঘদিন যাবত্ চাঁদাবাজির অভিযোগ করে আসছিল। জাহাঙ্গীরের বিরুদ্ধে সদর থানা ছাড়াও সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় একাধিক মামলা রয়েছে। ওসি আরো জানান, জাহাঙ্গীর ও তার সহযোগী মহুরি সুরুজ এক অভিজাত ক্লাবে সন্ত্রাসীদের সাথে নারায়ণগঞ্জ অস্থিতিশীল করার লক্ষ্যে নাশকতা সৃষ্টির একাধিক পরিকল্পনার খবর পুলিশের কাছে রয়েছে। বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
একাধিক গোয়েন্দা সূত্র ও পুলিশ জানায়, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ পেয়ে সে রীতিমত অপ্রতিরোধ্য হয়ে উঠে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, যেকোন অনুষ্ঠান বা দলীয় কর্মসূচিতে ব্যবসায়ীদের চাঁদা দেয়াটা ছিল অনেকটা নিয়তি।