ভারতীয় মুজাহিদিনের হত্যা তালিকার শীর্ষে মোদি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:১০
জঙ্গি সংগঠন ভারতীয় মুজাহিদিনের হত্যা তালিকার শীর্ষে রয়েছেন দেশটির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ মোদি। এই তালিকায় প্রথম থেকে দশম পর্যন্ত প্রত্যেকটিতেই মোদির নাম রয়েছে। -খবর এনডিটিভির।
ভারতীয় মুজাহিদিনের গ্রেফতার হওয়া সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকল জিজ্ঞাসাবাদে বিহার পুলিশকে এ তথ্য জানিয়েছে। গত আগস্ট মাসে ইয়াসিনকে বিহারের নেপাল সীমান্তের কাছ থেকে আটক করা হয়। ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা (আইএনআইএ) এবং রাজ্য পুলিশ মিলে ভারতের ‘মোস্ট-ওয়ান্টেড’ ব্যক্তিদের খুঁজে বের করতে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। ওই অভিযানেই গ্রেফতার করা হয় তাকে। জিজ্ঞাসাবাদে বিহার পুলিশ ইয়াসিনের কাছে তাদের শীর্ষ তালিকায় কে আছেন তা জানতে চায়। জবাবে ইয়াসিন বলেন, তালিকার প্রথম থেকে দশম পর্যন্ত একটি নামই আছে। আর তিনি হলেন নরেন্দ মোদি। উল্লেখ্য, ২০০২ সালে গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গায় কয়েক হাজার মুসলমান নিহতের সময় নরেন্দ মোদি ছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী। গত মাসে বিহারের পাটনায় মোদির সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতীয় মুজাহিদিন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে দেশটির তদন্তকারী সংস্থাগুলো। বিহার, কর্নাটক এবং মহারাষ্ট্র পুলিশ ছাড়াও আরো কয়েকটি রাজ্যের পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।