চট্টগ্রামে আজকের হরতাল স্থগিত

নগরীতে আহূত আজ রবিবারের হরতাল স্থগিত করেছে বিএনপি। কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম বক্করকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের আহবান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে ‘হরতাল স্থগিত’ করা হয়েছে বলে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ইত্তেফাককে জানান। নোয়াখালীতে হরতাল প্রত্যাহার নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ডাকা আজ রবিবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর শরফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ভোর ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতাল ডাকা হয়। গতকাল শনিবার বিকালে বিএনপির এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান জে.এস.সি পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে এ হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।