ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, রাজধানীতে গণপরিবহনসমূহে টিকিট ছাড়া কোনো যাত্রী চলাচল করতে পারবে না। তিনি বলেন, ঈদের পরপরই যেন এটি কার্যকর করা যায় সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সড়কে স্থান বেদখল যাতে না হয় সে জন্য সব পরিবহনের টিকিট কাউন্টার একস্থানে হবে। গতকাল সোমবার ডিএসসিসির সভাকক্ষে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।
মেয়র বলেন, এতে করে বিদ্যমান যে বাস সংকট এবং যাত্রীদের দুর্ভোগ সেটির পরিত্রাণ হবে। ডিটিসি, বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি, ডিএনসিসি এবং পরিবহন মালিকদের সমন্বয়ে বাসের টিকিট এবং কাউন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিকল্পনা গ্রহণ করবে। ঈদের পরপরই যাতে এটি কার্যকর করা যায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ২৭ মে থেকে উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে। ইতিমধ্যে এ সেবা চালু হয়েছে ধানমন্ডি এলাকায়। উত্তরায় চালু হবার পর মতিঝিল ও সদরঘাট এলাকায়ও চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।
সভায় উপস্থিত ছিলেন ডিএমপি প্রতিনিধি, বিআরটিসি, রাজউক, বিআরটিএ কর্মকর্তাসহ মহানগরীর বাস মালিক সমিতির নেতারা ও গণপরিবহন বিশেষজ্ঞরা।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে গত বছর সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।