মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক ২৪ নভেম্বর

বিশেষ প্রতিনিধি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ২৪ নভেম্বর বিকালে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন। ওইদিন দলের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহকারী নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিবেন। এরপর বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিচালিত জরিপ এবং তৃণমূল নেতাদের মতামত পর্যালোচনা করেই আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। গতকাল শনিবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাত্, মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্তসহ নির্বাচনী কৌশল নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়ন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৪ নভেম্বর বিকাল ৩টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন।