মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক আসছেন আজ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:৫২
দুইদিনের সফরে আজ রবিবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গাজীপুরে স্থাপিত বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতাল ও নার্সিং স্কুল উদ্বোধনই তার এই সফরের মূল উদ্দেশ্য। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গাজীপুরে ৫০০ শয্যার এই বিশেষায়িত হাসপাতালটি স্থাপন করেছে। বিশ্বখ্যাত মালয়েশীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান কেপিজে অত্যাধুনিক বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক যৌথভাবে আগামীকাল সোমবার সকালে হাসপাতালটির উদ্বোধন করবেন। নাজিব রাজাক আজ রবিবার রাতে বিশেষ বিমানযোগে ঢাকা এসে পৌঁছবেন। আগামীকাল তার অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গভবনে রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত্, সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিকালে মালয়েশীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে কাল বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। রাতে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজিব রাজাকের সম্মানে এক নৈশভোজে আপ্যায়িত করবেন। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।