নির্বাচনী দিক-নির্দেশনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাত্ চেয়েছে ইসি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:৫৩
দশম জাতীয় সংসদ নির্বাচনের দিক-নির্দেশনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাত্ চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই ১ বা ২ ডিসেম্বরে তফসিল ঘোষণার কথা ভাবছে কমিশন। এরপরই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা।
রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয়ে ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের অভিভাবক। এজন্য নির্বাচনী প্রস্তুতি অবগত করতে বৃহস্পতিবার রাষ্ট্রপতির সাক্ষাত্ চেয়ে চিঠি দেয়া হয়েছে।
ইসি সংশ্লিষ্টরা মনে করছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান দুই রাজনৈতিক জোটের ‘সমঝোতার শেষ সময়ে’ নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত সচিবদের সঙ্গে কোন বৈঠক ও প্রশাসিনক রদবদলের পরিকল্পনা নেই কমিশনের। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে কমিশন।
সংবিধান অনুযায়ী ২৭ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময় শুরু হয়ে গেছে। ২০১৪ সালের ২৪ জানুয়ারির আগে নির্বাচন অনুষ্ঠানে বাধ্যবাধকতা থাকায় এ মাসের শেষ অথবা ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করতে হবে কমিশনকে। সামগ্রিক পরিস্থিতিতে করণীয় সম্পর্কে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নির্দেশনা চাইবে কমিশন। প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন জেলার ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে থাকে নির্বাচন কমিশন। নির্বাচন কর্মকর্তাদের তথ্য সংগ্রহের জন্য একটি গোয়েন্দা সংস্থাকে চিঠি দেয়া হয়। আগামী ২৫ নভেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ইসির ভাবনায় আগামী ৭দিন
নভেম্বরের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরও নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলের সমঝোতা না হওয়ায় জনমনের উদ্বেগ স্পর্শ করেছে নির্বাচন কমিশনকেও। নির্বাচন কমিশনাররা বলছেন, রাজনৈতিক সমঝোতার জন্য তারা খুব বেশি হলে নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। তার আগে তফসিল ঘোষণার একটি ছকও কমিশনাররা ভেবে রেখেছেন। আর শেষ পর্যন্ত কোন পথে ইসি এগোবে- তা নির্ভর করছে নভেম্বরের তৃতীয় সপ্তাহের ঘটনাপ্রবাহের ওপর। এ কারণে এ সপ্তাহ ঘিরেই দশম সংসদ নির্বাচনের হিসাব কষছে নির্বাচন কমিশন।