সংঘাতময় পরিস্থিতিতে বিশিষ্ট ব্যক্তিদের উদ্বেগ প্রকাশ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:৫৩
নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন ২৪ জন বিশিষ্ট ব্যক্তি। গতকাল বাংলাদেশ রুখে দাঁড়াও ব্যানারে ডা. সারওয়ার আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, উপর্যুপরি দীর্ঘমেয়াদী হরতালে জনজীবন বিপর্যস্ত হয়েছে এবং দেশের অর্থনীতি গভীর সংকটের সম্মুখীন হয়েছে। শিক্ষা জীবনে তার প্রভাব নেতিবাচক। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন রোজগারের পথ রুদ্ধ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সকল দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সকলের কাম্য। হরতাল বা সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা গ্রেফতার বা দমননীতি দিয়ে এই লক্ষ্য অর্জিত হবে না। সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ ও সমঝোতার মধ্য দিয়েই বিরাজমান সমস্যার সমাধান হতে পারে।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে, ড. সালাহউদ্দিন আহমেদ, ড. আনিসুজ্জামান, কাইয়ুম চৌধুরী, সুলতানা কামাল, অজয় রায়, ড. ফরাসউদ্দিন আহমদ, রাশেদা কে চৌধুরী, আবেদ খান প্রমুখ।