বুথ ফেরত জরিপে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সহজ জয়ের আভাস দিলেও তাতে পাত্তা দিচ্ছে না বিরোধীরা। বরং তারা দিল্লিতে বিজেপি ??বিরোধী সরকার গড়ার প্রস্তুতি শুরু করেছে। দিল্লিতে ঘাঁটি গেড়ে ইউপিএ জোটে??র অঘোষিত আহ্বায়কের ভূমিকা পালন করছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। যেমনটা তিনি করেছিলেন ১৯৯৬ সালে কংগ্রেসবিরোধী জোট সরকার গড়ার সময়। বস্তুত বিরোধী জোট গড়তে কংগ্রেসের বিশ্বস্ত সহযোগী হয়ে উঠেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু। তার পাশে আছেন মহারাষ্ট্রের নেতা শারদ পাওয়ার।
বিরোধী জোট গড়ার প্রস্তুতি হিসেবে গতকাল সোমবার চন্দ্রবাবু কলকাতায় আসেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালিঘাটের বাড়িতে বৈঠক করেন তিনি। সূত্রে জানা গেছে, মমতা তাকে বলেছেন, বুথ ফেরত জরিপ দেখে বিরোধীদের হতাশ হওয়ার কিছুই নেই। বিজেপি সরকার গড়ার জন্য প্রয়োজনীয় আসনে জয় পাবে না।
তবে জোট প্রক্রিয়ায় গতি আনতে সোনিয়া গান্ধীর সঙ্গে উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীর বৈঠক হওয়ার কথা ছিল; কিন্তু মায়াবতী সেই আগের অবস্থানেই অনড় রয়েছেন। ফল প্রকাশের আগে জোট নিয়ে বৈঠক করবেন না। সূত্রের খবর, বিজেপিবিরোধী জোট সরকার হলে তার হাল নিজের কাছে রাখতে চাইছেন মায়াবতী। এরকম পরিস্থিতিতে নিজেকে তুলে ধরতে চান প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। তাই তিনি দিল্লিতে সোনিয়ার সঙ্গে দেখা করতে না গিয়ে নিজের অবস্থান ধরে রাখলেন।