২১ নভেম্বর মজুরি বোর্ডের ঘোষণা পর্যন্ত পোশাক শ্রমিকরা ধৈর্য ধরুন

পোশাক খাতের শ্রমিকদের জন্য আগামী ২১ নভেম্বর মজুরি বোর্ড চূড়ান্তভাবে ন্যূনতম মজুরি ঘোষণা করবে। এর আগ পর্যন্ত শ্রমিকদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন পোশাক কারখানার মালিকরা। শুক্রবার পোশাক উত্পাদক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দ এবং এ খাতের ৫২টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। পোশাকশিল্পে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিএমইএ অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। বিজিএমই সভাপতি মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিজিএমইএ সহ-সভাপতি মোঃ শাহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ এবং বিজিএমইএ’র সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আতিকুল ইসলাম বলেন, ২১ নভেম্বর পর্যন্ত ধৈর্য ধরুন। কেউ কারখানা ভাংচুর, নৈরাজ্যকর কর্মকাণ্ড বা কোন ধরনের সহিংসতায় যাবেন না। প্রত্যেকেই শনিবার থেকে স্ব স্ব কর্মস্থলে যোগদান করবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে উত্পাদন কার্যক্রম অব্যাহত রাখবেন। মালিক-শ্রমিক মিলে একসাথে কাজ করে শিল্প ও দেশকে এগিয়ে নিবেন। সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ২১ নভেম্বর মজুরি বোর্ড চূড়ান্তভাবে যে মজুরি ঘোষণা করবে মালিক ও শ্রমিক সবাই মিলে তা বাস্তবায়নের লক্ষ্যে একসাথে কাজ করবেন। ২১ নভেম্বর ন্যূনতম মজুরি সংক্রান্ত গেজেট প্রকাশ করার কথা রয়েছে।