মহাসচিব পর্যায়ে আলোচনার আর প্রয়োজন নেই

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারি ও বিরোধী দলের কাঙ্ক্ষিত সংলাপ বিষয়ে প্রধান দুই দলের সাধারণ সম্পাদক-মহাসচিব পর্যায়ে আর আলোচনার কোন প্রয়োজন নেই। সংলাপের বিষয়টি এখন সর্বোচ্চ (দুই নেত্রী) পর্যায়ে চলে গেছে। এ কারণে ফয়সালা সর্বোচ্চ পর্যায়ে হওয়া উচিত। জনগণও সেটা চায়। গতকাল শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেয়ার পর যোগাযোগ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, সংলাপের জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে দেয়া প্রধানমন্ত্রীর টেলিফোন আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। এ ব্যাপারে এখন বিএনপিকেই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার (কাদের) সঙ্গে সৈয়দ আশরাফের এ বিষয়ে কথা হয়েছে। সৈয়দ আশরাফ এ ধরনের ফোন পাওয়ার কথা স্বীকার করেননি। তিনি বলেছেন, এমন ধরনের কোন ফোন তিনি পাননি।