নির্বাচন বানচালের চেষ্টা জনগণ প্রতিরোধ করবে : মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকালীন সরকার প্রশ্নে আলোচনার সকল দুয়ার বন্ধ হয়ে যায়নি। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সকল দলের সমন্বয়ে আলোচনা হওয়া উচিত। কিন্তু প্রধান বিরোধীদল বিএনপি সেই পথে না গিয়ে হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদ নিয়ে মরণ খেলায় মেতেছে। তিনি বলেন বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে। যদি না আসে তবে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ প্রতিরোধ করবে। গতকাল শনিবার বিকালে নাটোরের সিংড়া কোর্ট মাঠে জাতীয় কৃষক সমিতি আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষক নেতা আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং মুক্তার হোসেন নাহিদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফজলে হোসেন বাদশা এমপি। প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।