গল্প নয় সত্যি

মায়ের ফোনে বিপত্তি!

সারাদিন কাজের মাঝে হয়তো দম ফেলবার ফুরসতটুকুও নেই। তবু শত ব্যস্ততার মাঝে যখন প্রিয় কোনো মানুষ বা আপনজন আপনার খোঁজ জানতে ফোন করেন তখন নিশ্চয়ই মন্দ লাগে না। তার ওপর এই ফোনটা যদি হয় মায়ের কাছ থেকে তাহলে তো কথাই নেই। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, কাজের মাঝে (পড়ুন অকাজের মাঝে) এমনই একটি ফোনের কারণে এবার হাজতবাস করতে হচ্ছে এক সন্তানকে। মূলত এক বাড়িতে চুরি করতে যেয়ে সেখানে ফোন ফেলে আসার পর সেটিতে আসা মায়ের ফোনের কারণেই পুলিশের হাতে ধরা পড়তে হয় মায়ের এই বখে যাওয়া (!) সন্তানকে। ঘটনার বিবরণে জানা যায়, গেল সপ্তাহে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টির একটি বাড়িতে সুযোগ বুঝে ঢুকে পড়ে উনিশ বছর বয়সী ডেরেক কড ও তার আরেক সহকারী। একে একে তারা হাতিয়ে নেন মূল্যবান বেশ কিছু অলঙ্কার, একটি মোবাইল ফোন ও শটগান। কিন্তু এগুলো নিয়ে নির্বিঘ্নে পালিয়ে আসতে পারলেও চলে আসার সময় ওই বাড়ির রান্নাঘরের একপাশে ভুলবশত নিজের মোবাইল ফোনটিই ফেলে আসেন ডেরেক। আর পড়বি তো পড় মালির ঘারেই। ঘটনার বেশ কিছুক্ষণ পর গৃহকর্তার অভিযোগ পেয়ে পুলিশ যখন ওই বাড়িতে প্রবেশ করে তখনই বেজে ওঠে ডেরেকের ফেলে যাওয়া ফোনটি। পুলিশ কর্মকর্তারা যখন দেখতে পান যে মোবাইলের স্ক্রিনে ‘মা’ নামটি ভেসে উঠেছে তখনই কৌশলে তারা ডেরেকের নানা তথ্য জেনে নেন। আর এই তথ্যের সূত্র ধরে খুব সহজেই সন্ধান মেলে ডেরেক কড ও তার নারী সহকারীর। ধরা পড়ার পর গৃহকর্তার মোবাইল ফোন, শটগানের পাশাপাশি ৪৯টি নানা ধরনের অলঙ্কারও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।