আকাশ থেকে সরাসরি সাগরে!
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২০:৩৮
আকাশ থেকে সাগরে ‘ডাইরেক্ট’ কিংবা ‘লোকাল’ কোনো সার্ভিসের কথা কখনো শোনা যায়নি। কিন্তু মিয়ামিতে এমন সার্ভিসের সন্ধান পেয়েছেন এক প্লেনযাত্রী! মনে হতে পারে গাঁজাখুরি গল্প। কিন্তু বিমানবালার কথা যদি সত্যি হয় তবে প্লেন থেকে সরাসরি সমুদ্রভ্রমণে গেছেন এক যাত্রী।
আসল ঘটনা হলো, ওই যাত্রী কিভাবে জানি প্লেনের পেছনের দরজা খুলে ফেলেন। পরক্ষণেই তিনি সেই খোলা দরজা দিয়ে ‘ডাইরেক্ট’ সাগরে চলে যান। এয়ার হোস্টেস হঠাত্ খেয়াল করলেন পেছনের দরজা খোলা। তিনি দেখলেন পেছনের যাত্রী বিমানে নেই। তার সন্দেহ রইল না যে তিনি ওই খোলা দরজা দিয়েই ‘সাগরভ্রমণে’ বের হয়েছেন। তিনি পাইলটকে সাথে সাথে বিষয়টা জানালেন। পাইলট ভাবলেন বিমানবালা মসকরা করছেন। তিনি প্রথমে গুরুত্ব দিলেন না। কিন্তু বিমানবালা বার বার বলার পর তিনি বিশ্বাস করলেন।
প্লেনটি তখন ২০০০ ফুট উপর দিয়ে উড়ছিল। যাত্রী পড়ে যাবার ঘটনা টের পাবার পর পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে খবর দেন। তিনি কন্ট্রোল অফিসারকে ইমার্জেন্সি কলে জানান, ‘আমার প্লেনের পিছনের দরজা খোলা এবং এক যাত্রী সেখানে থেকে সাগরে পড়ে গেছে। আমরা এখন তামিআমি এয়ারপোর্ট থেকে ৯ কিমি দূরে। এই কথা বিশ্বাস করতে পারছিলেন না ওই অফিসার। তিনি জবাব দিলেন, ‘আমি কি ঠিক শুনছি?
আপনি বলতে চাইছেন প্লেনের দরজা খুলে যাত্রী সাগরে পড়ে গেছে?’ পাইলট জবাব দিলেন, ইয়েস। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষও। ওই প্লেনে কতজন যাত্রী ছিলেন, কিংবা কী কারণে সেই যাত্রী পিছনের দরজা খুলেছিলেন তা জানা যায়নি। নিছকই কৌতূহলবশতই প্লেনের দরজা খুলেছিলেন বলে প্রাথমিক অনুমান। উদ্ধারকারী দল তার সন্ধানে সাগর চষে বেড়াচ্ছে।