নগর সংস্কৃতি

ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে উচ্চাঙ্গ সঙ্গীত

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ স্মরণে গতকাল রবিবার শিল্পকলা একাডেমীতে বসেছিল উচ্চাঙ্গ সঙ্গীতের আসর। গতকাল বিকালে সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এ প্রজন্মের শিল্পীরা শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশনায় মুগ্ধ করেন দর্শক-শ্রোতাদের। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওস্তাদ শাহাদাত হোসেন খান, অসিত দে, রীনাত ফৌজিয়া এবং প্রিয়াংকা গোপ। ওস্তাদ আলাউদ্দীন খাঁ বাঙালি সঙ্গীতজ্ঞ। বাবা আলাউদ্দীন খান নামেও তিনি পরিচিত। সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত। মূলত সরোদই তাঁর শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেটসহ আরো অনেক বাদ্যযন্ত্রে তাঁর যোগ্যতা ছিল অপরিসীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রআম উবায়দুল মোকতাদির চৌধুরী। সভাপত্বিত করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। যুক্তরাজ্য-বাংলাদেশ যৌথ প্রদর্শনী :গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জ এবং ব্রিটিশ কাউন্সিল, ঢাকার যৌথ আয়োজেনে গত শনিবার থেকে যুক্তরাজ্য এবং বাংলাদেশের ১৫ জন শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন। বক্তব্য রাখেন ‘উন্মাদ’ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব, ব্রিটিশ কাউন্সিল, ঢাকার পরিচালক রোজমেরি আরনট, রবিন ডেভিস, তানভীর হায়দার চৌধুরী, শিল্পী সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, কেরী ফ্রান্সম্যান (যুক্তরাজ্য), স্টিভেন হ্যারিস (যুক্তরাজ্য) এবং বেঙ্গল আর্ট লাউঞ্জ পরিচালক নওশীন খায়ের। প্রদর্শনীতে ১৫ জন শিল্পীর মোট শিল্পকর্মের সংখ্যা ৩৫টি। প্রদর্শনী আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনীতে যুক্তরাজ্যের ২ জন এবং বাংলাদেশের ১৩ জন গ্রাফিক এবং কার্টুন শিল্পী অংশগ্রহণ করছেন:রফিকুন নবী, শিশির ভট্টাচার্য, সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, সব্যসাচী মিস্ত্রী, মেহেদী হক, ইস্তেলা কাজী ইমাম, আনিকা মারিয়াম আহমেদ, কেরী ফ্রান্সম্যান (যুক্তরাজ্য), স্টিভেন হ্যারিস (যুক্তরাজ্য), সালজার রহমান, নূহাশ হুমায়ূন, আসিফুর রাহমান, রিও শুভ, ফরিদুর রহমান রাজীব এবং জিশান খান।