পল্লবীতে ককটেল কারখানা, দুইজন গ্রেফতার

রাজধানীর পল্লবীর ১২/বি ব্লকের ১১ নম্বর রোডের চারতলা ভবনের ছাদ। ভবনের মালিক থাকেন চট্টগ্রামে। এ ভবনের সবাই ভাড়াটিয়া। ছাদে কেউ তেমন একটা আসেন না। আর আশপাশে আর কোন উঁচু ভবন না থাকায় পুরোপুরি নির্জন পরিবেশ। এখানেই তৈরি করা হতো ককটেল। যা মিরপুর ও পল্লবীর বিভিন্ন এলাকায় হরতালের সময় বিস্ফোরণ ঘটানো হতো বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ। পল্লবী থানা পুলিশ রবিবার ঐ বাড়ির ছাদে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার ও ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন মহিউদ্দিন প্রিন্স ও রিফাত হোসেন। দু’জনের বয়স আঠরো। পল্লবীর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লফিত শেখ জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঐ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি বিস্ফোরণের শব্দ পান। এতে তার সন্দেহ হয়। পরে তিনি নিশ্চিত হন ককটেল বিস্ফোরণের শব্দ। এরপর পুলিশ ঐ ভবনের ছাদে অভিযান চালায়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, নির্জন স্থান বলে এখানেই (ছাদে) তারা নিয়মিত ককটেল তৈরি করতো। ককটেল তৈরির সময় অসাবধনতাবশত একটি বিস্ফোরিত হয়। এতে পিন্সের শরীরও ঝলসে যায়। তাকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।