কী নাম তার খুঁজছে স্বজন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২১:৪৬
কী নাম তার, কারা ওর স্বজন? কিছুই বলতে পারে না। বয়স দুই থেকে আড়াই বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা ২ ফুট, মুখমণ্ডল গোলাকার, চুল কালো, পরনে গোলাপী রং-এর ফুল হাতা গেঞ্জি। মুখে কথা একটাই, ‘আমি মার কাছে যাব’। শুক্রবার মোহাম্মদপুরের জাকির হোসেন রোড এলাকা থেকে এক ব্যক্তি তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর মোহাম্মদপুর থানা পুলিশ শত চেষ্টা করেও তার স্বজনদের কাছে তাকে পৌঁছে দিতে ব্যর্থ হয়। পরে তাকে পাঠানো হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে। এ ব্যাপারে পুলিশ থানায় একটি সাধারণ ডাইরি করেছে।
শনিবার মহানগর পুলিশের মিডিয়া দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোন ব্যক্তি তার অভিভাবকের সন্ধান পেলে, তাকে তেজগাঁও থানা সংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের ঠিকানা- ডিউটি অফিসার, ভিকটিম সাপোর্ট সেন্টার, তেজগাঁও, ডিএমপি, ঢাকা। মোবাইল: ০১৭৪৫-৭৭৪৪৮৭, ফ্যাক্স- ৯১৩৭৮৩৮, ই-মেইল-vsc-dmp@yahoo.com