সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ

বগুড়ার সাবেক ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক জেলা প্রশাসক (ডিসি), সাবেক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও শেরপুর উপজেলার সাবেক সহকারী কমিশনারসহ (ভূমি) ৬ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। বগুড়া সদর থানায় রবিবার দুপুরে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার সহকারী পরিচালক ফারুক আহমেদ। মামলায় অভিযুক্তরা হলেন, বগুড়ার সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইফতেখারুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মহসীন আলী, শেরপুর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি), বর্তমানে যিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা (বর্তমানে শেরপুর পৌরসভায় কর্মরত) আবদুস সাত্তার, ওই অফিসের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা এএসএম মোশারফ হোসেন এবং শেরপুর উপজেলার বাসিন্দা আব্দুল গফুর। মামলায় উল্লেখ করা হয়, বগুড়ার শেরপুর উপজেলার দেড় একর সরকারি সম্পত্তি তথ্য বিবৃতির মাধ্যমে অভিযুক্ত আব্দুল গফুরের নামে ২০১০ সালে রেজিস্ট্রি দলিল করে দেয়া হয়। অন্য আসামিরা আর্থিকভাবে লাভবান হয়ে পরস্পর যোগসাজশে ওই সম্পত্তি আত্মসাত্ করেন। দুদকের প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার মামলাটি দায়ের করা হয়।