পাকিস্তান দলে দুই নতুন মুখ
ইরফান নেই দক্ষিণ আফ্রিকা সফরে
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২১:৫৫
ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান ইনজুরির কারণে আগামী বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরুতে যাওয়া দুটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড সফরটির জন্য ১৭ সদস্যের যে দল ঘোষণা করে তাতে নতুন মুখ ফাস্ট বোলার বিলওয়াল ভাট্টি ও আনোয়ার আলী।
ইরফান আবুধাবিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হিপ ইনজুরিতে পড়ায় তাকে ডাক্তারি পরীক্ষার জন্য আবুধাবিতে অবস্থান করতে হবে বলে দলের সাথে যেতে পারবেন না। অপরদিকে তিনটি ওয়ানডে ম্যাচে উইকেট শূন্য থাকায় দল থেকে বাদ পড়েছেন আরেক পেসার ওয়াহাব রিয়াজ।
মিসবাহ উল হককে সাম্প্রতিক সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৪-১ ব্যবধানে হারের পরও তিনটি ওয়ানডেতে অধিনায়ক হিসেবে রেখে দেয়া হয়েছে। মোহাম্মদ হাফিজ একই সফরে অনুষ্ঠিত দুটি টি-টোয়েন্টিতে কোন রান করতে না পারার পরও সংক্ষিপ্ততম ঘরানার ক্রিকেটে অধিনায়ক থাকছেন। আবুধাবিতে ব্যাটসম্যানদের বাজে পারফর্মম্যান্সের পরও নির্বাচকরা সে দেশের ব্যাটসম্যানদের উপর আস্থা রেখে কোন পরিবর্তন আনেননি। আবদুল রাজ্জাক ও শোয়েব মালিক দলে প্রত্যাবর্তনে ভূমিকা না রাখতে পারলেও এই সিরিজে তারা আরো একটি সুযোগ পাচ্ছেন।
জোহানেসবার্গে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু হবে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে কেপটাউনে ২২ নভেম্বর। তিনটি ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ২৪, ২৭ ও ৩০ নভেম্বর। চলতি বছরে এটি দুই দেশের মাঝে তৃতীয় দ্বি-পাক্ষিক সিরিজ। আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক সিরিজটির কয়েক মাস আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও পাকিস্তান হেরেছিল ৩-২ ব্যবধানে। গত সাতটি দ্বি-পাক্ষিক সিরিজে পাকিস্তান এখনো দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি।
সদ্য সমাপ্ত সিরিজের ফলাফলের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তিন নম্বরে উঠে এসেছে। আর বাজে পারফর্মম্যান্সের কারণে পাকিস্তান নেমে গেছে চারে।
পাকিস্তান দল: মিসবাহ উল হক (ওয়ানডে অধিনায়ক), মোহাম্মদ হাফিজ (টি-টোয়েন্টি অধিনায়ক), আহমেদ শেহজাদ, উমর আকমল, আসাদ শফিক, উমর আমিন, শহিদ আফ্রিদি, আবদুল রাজ্জাক, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, সোহেল তানভীর, আনোয়ার আলী, জুনাইদ খান, সাঈদ আজমল, আবদুল রেহমান, নাসির জামসেদ, বিলাওয়াল ভাট্টি।