জামায়াত নেতা আটকের প্রতিবাদে সীতাকুণ্ডে ফের তাণ্ডব

জামায়াত নেতা আটকের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে আবার তাণ্ডব চালিয়েছে ১৮ দলের কর্মীরা। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল আমিনুল ইসলামকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড ও সীতাকুণ্ড পৌরসদর এলাকায় রাস্তা অবরোধ করে এলোপাথাড়ি গাড়ি ভাংচুর শুরু হয়। জোট কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পৌর সদর এলাকায় কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষের জের ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল আমিনুল ইসলামকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার একটি রেস্টুরেন্ট থেকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। হরতালে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সীতাকুণ্ড থানায় দায়ের করা বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে পুলিশ জানায়।