মাদকাসক্ত যুবকের কোপে শিশুর মৃত্যু, আহত ৩

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামে গতকাল রবিবার সকালে নয়ন বালা (২০) নামে মাদকাসক্ত এক যুবক চারটি শিশুকে কুপিয়েছে। এদের মধ্যে তানিয়া আক্তার (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্য শিশুরা হলো, নয়ন বালার ভাগ্নি অনন্যা (৪), মনির সরদার (৮) ও নিহত তানিয়ার ভাগ্নি মারিয়া (১)। এ সময় মারিয়ার মা হাসি বেগমকেও এলোপাতাড়ি কুপিয়েছে নয়ন বালা। এলাকাবাসী নয়ন বালা, তার বাবা অমল বালা (৫২) ও চাচী রুনু বালাকে (৩৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নিহত তানিয়ার বাবা আলমগীর হোসেন সরদার গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তানিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। আহত চারজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বাটাজোর গ্রামের নয়ন বালা মাদক সেবন করে বাড়ি ফিরে প্রায়ই বাবা-মাকে মারধর করত। ভাঙচুর করত ঘরের আসবাবপত্র। নয়ন সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী ও নিহত তানিয়া আক্তারের বড় বোন হাসি বেগম জানান, ‘গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তানিয়া আমার এক বছরের মেয়ে মারিয়াকে নিয়ে আমাদের পুরানো বাড়িতে মোবাইল ফোনে চার্জ দেয়ার জন্য রওনা দেয়। আমি তানিয়ার পিছু পিছু যেতে থাকি। তানিয়া আমাদের পুকুর পাড়ে পৌঁছলে নয়ন তানিয়ার কোল থেকে মারিয়াকে নিয়ে পুকুরের ঘাটে ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে কোপাতে থাকে। মুহূর্তেই সে তানিয়াকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। আমি এগিয়ে আসলে নয়ন আমকেও ছুরি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।’ হাসি বেগম বলেন, ‘এর পর নয়ন পার্শ্ববর্তী রাস্তায় দাঁড়িয়ে থাকা একই গ্রামের আব্দুল হক সরদারের মাদ্রাসা পড়ুয়া ছেলে মনির সরদার ও নয়নের নিজের ভাগ্নি অনন্যাকেও জবাই করে হত্যার চেষ্টা চালায়।’ স্থানীয় অতুল বাড়ৈ, আল-আমীন কাজী জানান, লোমহর্ষক ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে ধাওয়া করে ঘাতক নয়ন ও তার বাবা অমল বালা ও চাচী রুনু বালাকে মারধর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। গৌরনদী থানার ওসি (তদন্ত) নাজমুল হোসেন বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নয়নকে পুলিশ পাহারায় গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আইন-শৃংখলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল আলম, জেলা পুলিশ সুপার মো. এহসানউল্লাহ, সহকারী পুলিশ সুপার অশোক কুমার নন্দী, র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন বাশার ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন।