রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি উত্সাহ পাবে

অর্থ পাচার মামলায় তারেক রহমানের খালাসের রায়ে উদ্বেগ প্রকাশ করে ওয়ার্কার্স পার্টি বলেছে, এই রায় রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতিকে উত্সাহিত করবে। রায়ের প্রতিক্রিয়ায় গতকাল এক বিবৃতিতে বলা হয়, অদৃশ্য কোন সুতার টানে দুর্নীতি ও লুটপাটের প্রতীক তারেক রহমানকে গুরুত্বপূর্ণ এই মামলা থেকে খালাসের মাধ্যমে চুনোপুঁটির ঘাড়ে দায় চাপানো হয়েছে। বিবৃতিতে দলের সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বলেন, এই রায় জনগণের প্রত্যাশিত নয় এবং তারা এটা প্রত্যাখ্যান করে। রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম অব্যাহত রেখে সঠিক রায় অর্জনে উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করাসহ সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।