বিরোধী দল নির্বাচনে অংশ নেবে বলে প্রধানমন্ত্রীর আশাবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, বিরোধী দল আগামী নির্বাচনে অংশ নেবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হবে এবং আমি আশা করি বিরোধী দল নির্বাচনে অংশ নেবে এবং জনগণ অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।’ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিসা দেশাই বিসওয়াল গতকাল বিকালে রাজধানীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাত্ করলে তিনি একথা বলেন। এক ঘণ্টা স্থায়ী এই বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার গণতন্ত্রকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে চাই এবং আমাদের সময়কালে গত পাঁচ বছরে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে আমাদের সদিচ্ছা প্রতিফলিত হয়েছে। শেখ হাসিনা উল্লে¬খ করেন যে, গত পাঁচ বছরে বিভিন্ন পর্যায়ে ৫ হাজার ৮২৮টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এসব নির্বাচনের মাধ্যমে ৬৪ হাজার ৬০ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সকল নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এসব নির্বাচনের বিরুদ্ধে কেউ কোন অভিযোগ উত্থাপন করতে পারেনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পূর্ণ স্বাধীন এবং মিডিয়া পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তিনি বলেন, আলোকচিত্রসহ একটি ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। কাজেই ভোট কারচুপির কোন সুযোগ নেই।