ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিব গ্রেফতার

ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব গ্রেফতার হয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গতকাল রবিবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর সায়েদাবাদ, ফকিরাপুল, প্রেসক্লাব, চানখারপুল, শাহবাগ ও রামপুরায় পাঁচটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়েছে। গ্রেফতারে অংশগ্রহণকারী এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শান্তিনগরের একটি বাসা থেকে হাবিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নগরীর পল্টন, মতিঝিল থানায় মামলা রয়েছে। এর আগে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গত বৃহস্পতিবার গ্রেফতার হয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু। পুলিশের ওপর হামলা ও ভাংচুরের দুইটি মামলায় মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় ‘ইউনিক পরিবহনে’র একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বিকাল সাড়ে চারটার দিকে প্রেস ক্লাবের সামনে ঢাকা পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। বাসটি শাহবাগের দিকে যাওয়ার সময় প্রেসক্লাবের সামনে দাঁড়ানো ছিল। ফায়ার সার্ভিস আগুন নেভায়। বিকাল চারটার দিকে সায়েদাবাদ এলাকায় ‘বলাকা পরিবহনে’র বাসে আগুন দেয়া হয়। বাসটি রাস্তার পাশে দাঁড়ানো ছিল, কোন যাত্রী ছিল না। বিকাল সোয়া তিনটার দিকে চানখারপুল এলাকায় একইভাবে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। বিকাল পাঁচটার দিকে শাহবাগে একটি বাসে এবং রামপুরায় বাজারের পাশে সোনালী ব্যাংকের সামনে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। আজ মোহনগঞ্জে ও গাইবান্ধায় হরতাল নেত্রকোনা ও গাইবান্ধা প্রতিনিধি জানায়, নেত্রকোনার মোহনগঞ্জে আজ সোমবার সকাল-সন্ধ্যা এবং গাইবান্ধায় আধবেলা হরতাল ডেকেছে ছাত্রদল। জেলা ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে আজ উপজেলায় এই হরতাল দেয়া হয়। একই দাবিতে গাইবান্ধায় আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল।